দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জয়কলস গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। তবে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন— সুনামগঞ্জ ডিসি অফিসের কর্মচারী মো. জুয়েল মিয়া এবং একই অফিসের আরেক কর্মচারী শব্দর আলী।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাইভেটকারটি জব্দ করে।
শান্তিগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এদিকে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত সহকর্মীরা হঠাৎ এ মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। তারা নিহত দুইজনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরএ