দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি অফিসকক্ষে বসে টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন এক তরুণী।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে প্রকাশিত ওই ভিডিও ঘিরে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে শুক্রবার রাত ৯টা পর্যন্ত তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে দেখা যায়, একটি টিকটক আইডি থেকে প্রকাশিত ক্লিপে ওই তরুণী উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে কণ্ঠশিল্পী সাজ্জাদ নূরের একটি জনপ্রিয় গানের সঙ্গে লিপসিং করছেন। ভিডিওর পেছনে পরিষদের চেয়ারম্যানদের নামফলক, সরকারি লোগো, টেবিলে রাখা বিজয় দিবসের ক্রেস্ট এবং জাতীয় পতাকাও ধরা পড়ে।
প্রকাশের পরপরই ভিডিওটি সাড়ে পাঁচ হাজার বার দেখা হয়েছে। এতে ৫৪২টি রিঅ্যাকশন ও ২৮টি মন্তব্য এসেছে। এর মধ্যে একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘অভিনন্দন উপজেলা চেয়ারম্যান সাহেবা।’
ঘটনার পর গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন তদন্তে নামে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল বলেন, ‘ঘটনার পরপরই তিনজনকে শোকজ করা হয়েছে। উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি উদঘাটন করা হবে।’
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই মাসে রাজনৈতিক অস্থিরতার সময় উপজেলা চেয়ারম্যান মনজুর কাদির শাফি চৌধুরী এলিম দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান। পরে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। ফলে চেয়ারম্যানবিহীন অফিসে কীভাবে এমন ভিডিও ধারণ হলো, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, এ ঘটনায় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের গাফিলতি স্পষ্ট হয়েছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
এমএস/আরএ