দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাঠদান বন্ধ রেখে বিএনপির সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রম চলে।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করতে না পেরে ফিরে যায়। মাঠজুড়ে দলে দলে নেতাকর্মীর ভিড় ও মাইকিংয়ে আশপাশের পরিবেশও উত্তপ্ত হয়ে ওঠে।
যেসব প্রতিষ্ঠানে কার্যক্রম চলে সেগুলো হলো- শিবরাম স্কুল অ্যান্ড কলেজ, ধুপনী স্কুল, হরিপুর উচ্চ বিদ্যালয়, চন্ডিপুর উচ্চ বিদ্যালয়, রামভদ্র স্কুল (কেজি), বজরা হাতিয়া উচ্চ বিদ্যালয় ও খুদিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এর আগে মঙ্গলবারও তিন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে একই কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার আরও কয়েকটি প্রতিষ্ঠানে এ কার্যক্রম চালানো হবে বলে জানা গেছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজকুমার বিশ্বাস বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে দলীয় কর্মসূচি করার সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এইচ এম মাহাবুবুল ইসলাম জানান, কোনো প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মসূচির সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তৃণমূল নেতারা এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি। উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক ফোনে বিষয়টি দেখবেন জানালেও পরে আর যোগাযোগ করা যায়নি।
জে আই/ আরএ