দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক যুবক ৩৪০ ফুট উঁচু বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারে উঠে টানা চার ঘণ্টা অবস্থান করেছেন। এ সময় দুর্ঘটনা এড়াতে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে এই ঘটনা ঘটে।
উপজেলা বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে নামানোর চেষ্টা চালান। তবে তিনি মানসিকভাবে অসুস্থ হওয়ায় সরাসরি উদ্ধার সম্ভব হয়নি বলে জানিয়েছেন নেছারাবাদ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. রিয়াজ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সেনা ক্যাম্প সংলগ্ন সন্ধ্যা নদীর দুই তীরে পাশাপাশি দুটি উঁচু টাওয়ার রয়েছে। যার মাধ্যমে উপজেলার মূল সঞ্চালন লাইন যায়। মঙ্গলবার সকালে সমুদয়কাঠি ইউনিয়নের দুর্গাকাঠি গ্রামের মৃত নিকুঞ্জ বেপারীর ছেলে শংকর বেপারী ওরফে বাহাদুর (৪০) ওই টাওয়ারের নিচে আসেন। পরে উপস্থিতদের অগোচরে তিনি ধীরে ধীরে টাওয়ারে উঠতে শুরু করেন। তাকে নামাতে গেলে উল্টো আরও ওপরে উঠে টাওয়ারের চূড়ায় পৌঁছে যান।
নেছারাবাদ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জানে আলম বলেন, যেহেতু এটি মেইন লাইন সংযুক্ত টাওয়ার, তাই পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। আমরা উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি।
জে আই/ আরএ