দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো একটি মৃত ডলফিন। সোমবার (২৫ আগস্ট) দুপুর ৩টার দিকে সৈকতের পশ্চিমে স্বপ্নরাজ্য পার্ক সংলগ্ন এলাকায় ডলফিনটি দেখতে পান কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্ন কর্মী ইউসুফ।
প্রায় ৭ ফুট লম্বা ও ৪ ফুট চওড়া ডলফিনটি ইরাবতী প্রজাতির। এর শরীরের চামড়া উঠে গেছে এবং বিভিন্ন অংশে পচন ধরেছে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা ভিড় জমায়।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, সাম্প্রতিক সময়ে ডলফিনের মৃত্যুর সংখ্যা বেড়েছে। সরকার ও সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানকে দ্রুত এর কারণ উদঘাটনের আহ্বান জানান তিনি।
ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, ডলফিনটি ইরাবতী প্রজাতির । রক্তাক্ত চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, নৌযান, জেলেদের জাল ও মাছ ধরার কার্যক্রমেই ডলফিনটির মৃত্যু হয়েছে। তিনি স্থানীয়দের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডলফিন অভয়ারণ্যে জাল ব্যবহারে সীমাবদ্ধতার পরামর্শ দেন।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এ বছর এখন পর্যন্ত ৭টি মৃত ডলফিন কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে। তিনি বলেন, 'প্রায় নিয়মিতই মৃত ডলফিনের খবর পাচ্ছি। তাই আমরা চাই, ডলফিনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হোক।'
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। কুয়াকাটা পৌরসভার সহযোগিতায় ডলফিনটির দাফনের ব্যবস্থা করা হয়েছে, যাতে দুর্গন্ধ না ছড়ায়।
এর আগে ১৯ আগস্ট গঙ্গামতি এলাকায় এবং ২১ আগস্ট ঝাউবনে আরও তিনটি মৃত ডলফিন ভেসে আসে।
এফএইচ/এমএস