দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জেলা প্রশাসনের আল্টিমেটামের পর ব্যবসায়ীরা নিজ উদ্যোগে লুট হওয়া পাথর ফিরিয়ে দিচ্ছেন সাদাপাথরে।
গত শনিবার (২৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসন আগামীকাল মঙ্গলবারের মধ্যে পাথর ফেরত দেওয়ার নির্দেশনা জারির পর শনিবার রাত থেকেই অনেক ব্যবসায়ী নিজ খরচে ট্রাকে করে সাদাপাথর এলাকায় পাথর পৌঁছে দিতে শুরু করেন।
গতকাল রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাটে মোট ১৫৫ ট্রাক পাথর জমা দেওয়া হয়েছে। একইদিন সদর উপজেলার ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে যৌথ বাহিনী।
প্রসঙ্গত, শনিবার কোম্পানীগঞ্জ ও সদর উপজেলায় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সঙ্গে সভা করে জেলা প্রশাসন জানায়, মঙ্গলবারের মধ্যে নিজ খরচে যেখানে যাদের কাছে সাদাপাথর মজুদ আছে, তা ফেরত দিতে হবে। অন্যথায় কঠোর অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খুশনূর রুবাইয়াত জানান, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত অন্তত ১০০ ট্রাক পাথর ফেরত এসেছে। ধোপাগুল এলাকার কয়েকজন ব্যবসায়ীও তাদের সংগ্রহে থাকা পাথর ফিরিয়ে দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদারকি করছেন।
একইদিন কোম্পানীগঞ্জে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।
তিনি জানান, সন্ধ্যা পর্যন্ত কোম্পানীগঞ্জ থেকে ৭০ ট্রাক ও সিলেট সদর উপজেলা থেকে ৮৩ ট্রাক পাথর ভোলাগঞ্জ ঘাটে পৌঁছেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আরএ