দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে চালককে ফাঁকি দিয়ে প্রাইভেটকার চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে শ্রীনগরের ষোলঘর যাত্রীছাউনি এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেটকার চালক বাথরুমে যান। সে সময় যাত্রীদের মধ্যে তানজিল গাড়িচালককে ফাঁকি দিয়ে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যান। এক্সপ্রেসওয়েতে কিছু দূর যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- দোহারের সাইনপুকুর এলাকার আব্দুর রহিম ভূঁইয়ার ছেলে তানভীর আহমেদ তানজিল (২৭), রাজধানীর উত্তর বাড্ডার আরজু মিয়ার ছেলে মো. আরমান হোসেন ও আরমানের স্ত্রী রাইসা। আহত হয়েছেন রবিন নামের এক যুবক।
প্রাইভেটকারের চালক মোহাম্মদ মন্টু মিয়া জানান, তিনি যাত্রীদের এসি চালু রাখতে চাবি রেখে সাময়িকভাবে গাড়ি থেকে নামেন। ফিরে এসে গাড়ি না দেখে মালিককে জানানোর কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর পান।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে তিনজন নিহত ও একজন আহত হন।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম ছিদ্দিক জানান, নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অতি উৎসাহী মানসিকতা ও অদক্ষ চালনার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেন।
জে আই/ আরএ