দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মেয়ে হাবেজা বেগমের (৩০) পিটুনিতে বাবা ময়েন শেখের (৭০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ হাবেজাকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে আদালতে পাঠিয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার চর রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে নিহতের প্রথম পক্ষের ছেলে সাঈদুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর মা সূর্য্য খাতুনের মৃত্যুর পর তিনি ও তার বোন ভানু দাদার কাছে বড় হন। প্রায় ৪০ বছর আগে ময়েন শেখ আল্লাদি বেগমকে বিয়ে করে সংসার শুরু করেন। নদীভাঙনে ভিটে হারালে পরিবার চর রঘুনাথপুরে চলে আসে। দীর্ঘ ৫-৬ বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত ময়েন শেখ ছেলে-মেয়েদের বাড়িতে পালাক্রমে থাকতেন।
হাবেজা বেগম বিয়ে হলেও বাবার সঙ্গেই থাকতেন। পাবনার সুজানগরে থাকা ১৬ শতাংশ জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ দিতেন। প্রায় তিন বছর আগে ১২ শতাংশ জমি লিখে নেওয়ার পরও তিনি বাবাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে বাবার ঘরে অবস্থানকালে জমি ফেরত ও জাতীয় পরিচয়পত্র চাইলে হাবেজা ক্ষিপ্ত হয়ে কাঠের চলা দিয়ে মাথার দিকে আঘাত করেন। আঘাতটি বাম কাঁধে লাগায় ময়েন শেখ মাটিতে লুটিয়ে পড়ে অল্প সময়ের মধ্যেই মারা যান।
ওসি কামাল হোসেন জানান, স্থানীয়রা লাশ বাইরে এনে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আসামি হাবেজা বেগমকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এফএইচ/