দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের কালীগঞ্জে পরিবহন প্রতারণা মামলায় আন্তঃজেলা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় মামলার চুরি যাওয়া একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ।
গ্রেপ্তাররা হলেন— খুলনার মো. জাহিদুল মুন্সি (৪০), ঢাকার মো. রবিবউল ইসলাম মনির (৫৮) এবং মাদারীপুরের মো. আব্দুর রহমান হাওলাদার ওরফে জসিম ভান্ডারী (৫৪)।
ডিবি পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে পণ্য পরিবহনের নামে প্রতারণা ও মালামাল আত্মসাৎ করে আসছিল। দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তথ্যমতে, গত ২ জুলাই “মেসার্স শুভেচ্ছা ট্রেডার্স” নামের একটি ধান-চাল ব্যবসায়ী প্রতিষ্ঠান দিনাজপুরের স্নেহা অটো রাইস মিলে পণ্য পরিবহনের জন্য ভুয়া রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-ট-২৪-৭৬৬৪)যুক্ত একটি ট্রাক ভাড়া করে। চালক ছিলেন মো. জাহিদুল ইসলাম দুখু ওরফে তাইজুল মোল্লা। কিন্তু পণ্য গন্তব্যে না পৌঁছানোয় এবং ট্রাকের কোনো খোঁজ না মেলায় মালিকপক্ষ ২৮ জুলাই কালীগঞ্জ থানায় মামলা করে। মামলাটি তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা শাখা।
তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের তিন সদস্যকে শনাক্ত করে ডিবি। পরবর্তীতে একাধিক জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটির অন্যান্য সদস্য ও প্রতারণার কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
ডিবি কর্মকর্তা সাদ আহমেদ বলেন, গ্রেপ্তাররা দেশের বিভিন্ন অঞ্চলে একই কায়দায় ট্রাক ভাড়া নিয়ে পণ্য আত্মসাৎ করত। চক্রের আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, যাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। প্রতারণা ও অপরাধ দমনে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে পুলিশ।
এফএইচ/এমএইচ