দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর মহিপুরে অবৈধ ট্রলবোটের সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারণ এবং সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা মৎস্য অধিদপ্তর ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আয়োজনে মহিপুর বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এই সভা হয়। বরিশাল মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আলফাজ উদ্দীন শেখ সভার সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নাইম মুহাম্মদ আবদুর ছবুর, বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোনাল কমান্ডার ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ, পটুয়াখালী স্থানীয় সরকার উপপরিচারক জুয়েল রানা, জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদেক এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও মাছের প্রজনন বৃদ্ধি করতে অবৈধ ট্রলবোট বন্ধ করা আবশ্যক। তা না হলে মৎস্য সম্পদ ধ্বংসের পাশাপাশি হাজার হাজার জেলেদের জীবিকা বিপন্ন হবে এবং কোটি কোটি টাকার রাজস্বও ক্ষতিগ্রস্ত হবে।
মৎস্যজীবীদের প্রশ্ন ও দাবির প্রতিক্রিয়ায় মহাপরিচালক ড. মো. আবদুর রউফ বলেন, সমুদ্রে অবৈধ ট্রলবোট ও অবৈধ জাল বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসে বিপদগ্রস্ত জেলেদের উদ্ধার ও ঝুঁকি মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও সমুদ্রসীমা রক্ষা এবং সমুদ্রে নিমজ্জিত জেলেদের জন্য আধুনিক নৌযান ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়ে ইতোমধ্যে আলাপ-আলোচনা চলছে। সভার শেষে তিনি অবৈধ ট্রলবোট থেকে যন্ত্রাংশ অপসারণকৃত মালামাল পরিদর্শন করেন।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জেলে ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত দশকেরও বেশি সময় ধরে অবৈধ ট্রলিংয়ের ছোট ফাঁসের জাল দিয়ে মাছ শিকারের কারণে সমুদ্রের রেনু, পোনা ও অন্যান্য জীববৈচিত্র্য ধ্বংসের পথে। এতে ইলিশসহ মাছের উৎপাদন কমেছে। মৎস্য সম্পদের এই হুমকি থেকে রক্ষা পেতে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানের পর জেলেরা স্বেচ্ছায় অবৈধ ট্রলবোটের সরঞ্জামাদি অপসারণ শুরু করেছে।
এফএইচ/