দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর হাসপাতালবিহীন দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে বাংলাদেশ নৌবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।
শনিবার নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের তত্ত্বাবধানে এবং 'বানৌজা শের-ই-বাংলা' নৌঘাঁটির ব্যবস্থাপনায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল নারী-পুরুষ ও শিশুসহ প্রায় সাত শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করে। সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগীদেরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসা নিতে আসা এলাকাবাসী জানান, দুর্গম দ্বীপাঞ্চলে এ ধরনের উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা এবং তারা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বানৌজা শের-ই-বাংলা নৌঘাঁটির সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো. নজরুল ইসলাম বলেন, "রাঙ্গাবালী একটি যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা। এখানে মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। সেই জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মানসম্মত চিকিৎসা সেবা দিতে। প্রত্যেক রোগীকে প্রয়োজনীয় ঔষধও দেওয়া হয়েছে। আশা করি, দারিদ্র্য ও সুবিধাবঞ্চিত এসব মানুষ আমাদের সেবা থেকে উপকৃত হবেন। সামান্যতম হলেও যদি উপকার হয়, তাহলে আমাদের প্রচেষ্টা সফল হবে।"
নৌবাহিনী জানায়, তারা দীর্ঘদিন ধরে দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের প্রত্যন্ত এলাকায় নিয়মিত এই ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এফএইচ/এমএইচ