দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে চার রোহিঙ্গা ও চার বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার বাতামোড়ল পানপুঞ্জি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।
আটক রোহিঙ্গারা হলেন- টেকনাফ লেদা ক্যাম্পের আসাদুল্লাহ (৪৫), তার স্ত্রী জমিলা বেগম (২৫), মেয়ে আসমা খাতুন (২) ও ছেলে হামিদ হোসেন (১৫)।
বাংলাদেশিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবার শিরীন আক্তার (৩৫) ও তার ছেলে মোহাম্মদ সিয়াম (১৮), পাবনা সদরের মো. জাকির শেখ (২৫) এবং কিশোরগঞ্জের কটিয়াদীর সাবিনা খাতুন (৩০)।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ১৩৭৪ থেকে প্রায় ৫০০ গজ ভেতরে নিউ পাল্লাথল বিওপির টহল দল আটজনকে ঘোরাঘুরির সময় আটক করে।
বিজিবি জানায়, কয়েক বছর আগে চার রোহিঙ্গা অবৈধভাবে কাজের খোঁজে ভারতে গিয়েছিলেন। একইভাবে চার বাংলাদেশিও সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। এরপর শুক্রবার ভোরে বিএসএফ বড়লেখার পানপুঞ্জি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরি জানান, আটকদের পরিচয় যাচাই শেষে আইনগত প্রক্রিয়ার জন্য বড়লেখা থানায় হস্তান্তর করা হবে।
বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, বিজিবি এখনও তাদের থানায় সোপর্দ করেনি। সোপর্দের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/অ