দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোহাম্মদ আরমান আলী ও মঞ্জুরুল ইসলাম ভুঁইয়ার মনোনয়ন বাতিল করা হয়।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দুই স্বতন্ত্র প্রার্থীর জমা দেওয়া মনোনয়নপত্রে সমর্থনসূচক এক শতাংশ ভোটারের স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের আপিলের সুযোগ রয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। এ আসনে গত তিনবারের সংসদ সদস্য ছিলেন ডা. আফছারুল আমীন। গত ২ জুন তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৩০ জুলাই এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএমে ভোটগ্রহণ হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী ৪ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগের প্রার্থীসহ ছয়জন মনোনয়নপত্র জমা দেন। ৬ জুলাই এসব মনোনয়নপত্র বাছাই হয়। ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত আপিল দায়ের করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ছাড়াও জাতীয় পার্টির মো. সামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী ও স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া মনোনয়ন জমা দেন।