দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় শরীয়তপুর সুপার সার্ভিস লিমিটেড পরিবহনের একাধিক বাস ভাঙচুর, শ্রমিকদের ওপর হামলা এবং বাস মালিকদের কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পরিবহনটির মালিক সদস্য ওয়ালি উল্লাহ খান বাদী হয়ে স্থানীয় সাবেক যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিমসহ ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।
মামলা ও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সূত্রে জানা যায়, পদ্মা সেতু চালুর পর থেকে শরীয়তপুর থেকে ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় নিয়মিত যাত্রী পরিবহন করে আসছে শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের দুই শতাধিক বাস। এ রুট ধরে প্রতিনিয়ত ঢাকা ও শরীয়তপুরে যাতায়াত করে অন্তত ৩০ হাজার যাত্রী। সম্প্রতি এ রুটে চলা পরিবহনগুলোর মালিকদের কাছে ৫ কোটি চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠে যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে। তাকে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে একাধিক গাড়ি ভাঙচুর ও বেশ কয়েকজন শ্রমিকদের মারধরের অভিযোগ উঠে।
মামলার বাদী ও শরীয়তপুর সদরের পশ্চিম কোটাপাড়া এলাকার বাসিন্দা ওয়ালি উল্লাহ খান বলেন, যাত্রাবাড়ী চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের দক্ষিণ পাশে আমাদের পরিবহনের দুটি কাউন্টার রয়েছে। মুশফিকুর রহমান ফাহিম ও তার লোকজন আমাদের পরিবহন চলাচলে বিভিন্ন সময় বাধা সৃষ্টি করে। তাই ৭ জুলাই বিকেলে বিষয়টি তার কাছে জানতে জেলা বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক আতিবুর রহমান শিকদার বাবুল, সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারসহ অনেকেই আসামির বসতবাড়িতে উপস্থিত হয়। তখন ফাহিম বলেন, এই রোডে গাড়ি চালাতে হলে পাঁচ কোটি টাকা চাঁদা দিতে হবে। পরে আমরা চলে আসি। এরপর থেকে বাস ভাঙচুর ও বাস শ্রমিকদের মারধর করেন ফাহিম ও তার লোকজন। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
তবে চাঁদাদাবির বিষয়টি অস্বীকার করে যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিম বলেন, আমাদের গাড়ির রুট পারমিট থাকার পরেও শরীয়তপুরের বাস মালিক সমিতি সেগুলোকে অন্য উপজেলায় যেতে দিচ্ছে না। এখন আবার তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। আমি গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের মারধর করিনি। এছাড়া কারো কাছে ৫ কোটি টাকা দাবি করিনি।
শরীয়তপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী রুটে চাঁদাবাজি হয়ে আসছিল। তবে সেটা সহনশীল পর্যায়ে ছিল। সম্প্রতি এক যুবদল নেতা আমাদের মালিক সমিতির কাছ থেকে ৫ কোটি চাঁদা দাবি করেছেন। তাকে টাকা না দেওয়ায় আমাদের বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করা হচ্ছে। আমরা এই সমস্যা থেকে মুক্তি চাই। আমরা চাঁদাবাজমুক্ত পরিবহন সেক্টর চাই।
যাত্রাবাড়ী থানায় ইন্সপেক্টর (তদন্ত) কাজী রমজানুল হক মামলার বিষয়ে মুঠোফোনে বলেন, চাঁদা দাবি, বাস ভাঙচুর ও বাস শ্রমিকদের মারধরের ঘটনায় শনিবার শন্ধ্যায় ফাহিমসহ ২৫ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। মামলা তদন্ত চলমান রয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আরএ