দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, ‘৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। টানা তিনদিন সরকারবিহীন দেশ ইতিহাসে এটাই প্রথম। এই সময়টা দেশকে টেনে নিয়ে গেছে সরকারি কর্মকর্তারা। এখন অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্যে কাজ করতে হচ্ছে। স্থানীয় সরকারগুলো ঠিকভাবে অ্যাক্টিভ নাই। অনেক জায়গায় ইউপি চেয়ারম্যান নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। সামনে নির্বাচন হলে সেখানেও আমাদের কাজ করতে হবে। মানুষের যে আকাঙ্ক্ষা তা পূরণ করতে হবে।’
বৃহস্পতিবার (৩ জুলাই) দিনব্যাপী নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শনে এসে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিলের (এডিপি) আওতায় দুঃস্থ, অসহায় ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন তিনি।
শরফ উদ্দিন বলেন, ‘রায়পুরা উপজেলা অনেক বড় একটি উপজেলা। এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝেমধ্যে খুব ভয়াবহ রূপ ধারণ করে৷ বড় উপজেলা হওয়ায় দ্রুত কাজ করা সম্ভব হয় না। চরাঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে একটি পুলিশ থানা গঠন করা হবে। আমরা প্রত্যাশা করি নতুন পুলিশ থানাটি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করা যাবে।’
পরে তিনি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিস, মরজাল ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, সহকারী কমিশনার মাসুদুর রহমান রুবেল, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, প্রেসক্লাব সভাপতি ফরিদ উদ্দিন, পৌর সচিব মনিরুল হক, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, পুলিশ সদস্যসহ অন্যান্যরা।
/অ