দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটায় বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুরতে এসে অতিরিক্ত মদ্যপানে সাজিদুল ইসলাম (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ জুন) হোটেল থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তারই বন্ধু হাবিব।
পরীক্ষা শেষে সাজিদুলের মৃত্যু নিশ্চিত করেন কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ হোসেন।
নিহত সাজিদুল নেত্রকোনার বাসিন্দা মো. ইব্রাহিমের ছেলে। তিনি ঢাকায় একটি খাবার হোটেলের কর্মচারী ছিলেন।
হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ঢাকা থেকে বন্ধু হাবিবসহ কুয়াকাটায় ঘুরতে আসেন সাজিদুল। তারা এখানে একটি আবাসিক হোটেলে ওঠেন। দিনে ঘোরাঘুরি শেষে রাতে হোটেলে ফিরে মদ্যপান করেন সাজিদুল। সকালে ঘুম থেকে উঠে পেটে ব্যথা অনুভব করলে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নিতে যান সাজিদুল। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। তবে চিকিৎসা না নিয়ে হোটেলে ফিরে যান সাজিদুল। দুপুরের দিকে ফের পেটে ব্যথা বেড়ে গেলে বন্ধু হাবিব তাকে নিয়ে হাসপাতালে রওয়ানা দিলে পথে মারা যান সাজিদুল।
নিহতের সঙ্গে থাকা বন্ধু হাবিব জানান, রোববার কুয়াকাটার বিভিন্ন জায়গায় ঘুরে রাতে হোটেলে এসে সাজিদুল তার অজান্তে মদ্যপান করেন। সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাজিদুলকে মৃত ঘোষণা করেন।
কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ হোসেন বলেন, সকালে মদ্যপানে গুরুতর অসুস্থ অবস্থায় সাজিদুল ইসলাম নামের এক পর্যটক হাসপাতালে আসেন। তাকে ইসিজির মাধ্যমে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পর্যটকের মৃত্যুর ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ