দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষ মাদক চোরাকারবারিদের হামলায় একজন নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন একজন।
শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।
হামলায় মাদক চোরাকারবারি মোহন (২৫) নিহত হয়েছেন এবং হৃদয় (২৪) নামে একজন আহত হয়েছেন। নিহত মোহন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত মদনের ছেলে এবং আহত হৃদয় একই গ্রামের মসুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক চোরাকারবারি হৃদয়, মোহন ও জনি মোটরসাইকেলযোগে রামকৃষ্ণপুর থেকে নিজ গ্রাম জামালপুরে ফিরছিলেন। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ ছোটন ও সোহেলের নেতৃত্বে ৪-৫ জনের একদল মাদক চোরাকারবারি মোটরসাইকেলের গতিরোধ করে তাদের ওপর হামলায় চালায়। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে মোহন ও হৃদয় আহত হলে জনি পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় মোহনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মোহন মারা যায়।
হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বিজিবির বরাত দিয়ে বলেন, মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ববিরোধ ও দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষরা হামলা চালিয়েছে। হামলায় রামদার আঘাতে মোহন নামে একজন নিহত হয়েছেন। স্থানীয় বিজিবি এমন তথ্য নিশ্চিত করেছে বলে তিনি উল্লেখ করেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মোহনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
/অ