দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে মাদক নিয়ে বাকবিতণ্ডায় শুভ মিয়া (২০) নামে একজনকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোববার (২৫ মে ) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর পুলিশ সুপার এস এম মোস্তাইন হোসেন।
নিহত শুভ সদর উপজেলার শেখেরচর মোল্লাপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো- সদর উপজেলার শেখেরচর মোল্লাপাড়া এলাকার জাকির হেসেনের ছেলে হাবিবুর রহমান (২৪), একই উপজেলার কুড়েরপাড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে কবির হোসেন (২১) এবং পলাশ উপজেলার কুমারটেক এলাকার জালাল মিয়ার ছেলে আহম্মাদ নাঈম (২৪)। তারা প্রত্যেকেই একে অপরকে বন্ধু ছিল এবং একসঙ্গে মাদক সেবন করতো।
পুলিশ সুপার বলেন, গত ৬ এপ্রিল রাতে সদর উপজেলার খিদিরপুর টেকপাড়া জানের মুখ ব্রিজের পাশে শুভসহ হাবিবুর, কবির, নাঈম ও তাদের অন্য একজন বন্ধু মোট পাঁচজন মিলে একত্রে মাদক সেবন করছিল। এসময় মাদক সংগ্রহ সংক্রান্ত বিষয়ে শুভর সঙ্গে হাবিবের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাবিবুর শুভর গলাচেপে ধরে ফিল ঘুষি মারতে থাকে। সঙ্গে থাকা কবির, নাঈম ও অন্য একজন বন্ধুও শুভর নাকে মুখে এলোপাথাড়ি কিল ও ঘুষি মারতে থাকে। পরে পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ঘর বাঁধার একটি দড়ি পেয়ে শুভর গলায় প্যাঁচ দিয়ে দুই দিক থেকে টেনে ধরে। একপর্যায়ে শুভ মাটিতে পড়ে যায় এবং তার মৃত্যু হয়।
মাসুদ আলম বলেন, শুভর মরদেহের পাশের একটি ডোবায় ফেলে দিয়ে চারজন পালিয়ে যায়। এ বিষয়ে নরসিংদী মডেল থানায় মামলা হলে আসামিদের গ্রেপ্তারে নামে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী। পরে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (২০ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর থেকে আসামি হাবিবুর রহমান ও কবির হোসেনকে এবং বুধবার (২১ মে) চাঁদপুরের মতলব উত্তর থানার নায়েরগাঁও এলাকায় থেকে আসামি আহম্মদ নাঈমকে গ্রেপ্তার করা হয়। এসময় হাবিবুর রহমানের কাছ থেকে নিহত শুভর ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, নিহত শুভ এবং আসামিরা প্রত্যেকেই একে অপরের বন্ধু ছিল এবং একসঙ্গে মাদক সেবন করতো। গ্রেপ্তারের পর আসামিরা আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এছাড়া বাকি আসামিকে ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
আরএ