দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নবনিযুক্ত ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে পদায়নের মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। নোয়াখালীর সেনবাগ থানায় তার বিরুদ্ধে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হওয়ার বিষয়টি প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১৮ মে ওসি মিজানুর রহমানকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়। কিন্তু এই পদায়নের পরই তার বিরুদ্ধে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময়ে সংঘটিত একটি মামলার অভিযোগ প্রকাশ্যে আসে।
ওই মামলায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং ‘ক্রসফায়ার’ এর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হওয়ায় বিষয়টি দ্রুতই আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দেয়।
পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, "যথাযথ প্রক্রিয়ায় ভেরিফিকেশনের মাধ্যমেই এই ওসিকে কোতোয়ালি মডেল থানায় পদায়ন করা হয়েছিল। তখন তার নিজ এলাকা থেকে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট 'পজিটিভ' এসেছিল।
তবে, পদায়নের পর মামলার বিষয়টি আমরা জানতে পারি এরপর পুলিশ লাইনে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।"
এ বিষয়ে ময়মনসিংহ পুলিশ রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আতাউল কিবরিয়া বলেন, "মামলার বিষয়টি অবহিত হওয়ার পরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে ওই ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করেছি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।"
এফএইচ/