দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।
রোববার রাতে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বাদী হয়ে থানায় মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘নগরীর কান্দিরপাড়ে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রোববার রাতে মামলা হয়েছে। আমরা সিসিটিভির ফুটেজ বিভিন্ন মাধ্যমে তদন্ত করে আসামিদের শনাক্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।’
মামলার আসামিরা হলেন- নগরীর ধর্মসাগর পশ্চিমপাড় এলাকার বাসিন্দা মো. মহসিন (৩২), আশ্রাফপুর ইয়াসিন মার্কেট এলাকার সালাহ উদ্দিন রকি (৩০), শাসনগাছা এলাকার মো. সোহাগ হোসেন (৩০), কালিয়াজুড়ি এলাকার সাইফুল ইসলাম (২৫) ও সদর উপজেলার পাঁচথুবীর শ্রীপুর এলাকার মারুফ আহমেদসহ (২৪) অজ্ঞাতনামা ২০-৩০ জন।
এ বিষয়ে বাদী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। স্থানীয় ও আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করি। পরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখসহ ২০-৩০ জনের বিরুদ্ধে একটি মামলা করি। আমরা তদন্ত করে দলের কেউ এ কাজের সঙ্গে জড়িত থাকলে দলীয় ব্যবস্থা নেব। পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।’
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছাত্রদলের কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর কমিটিকে কেন্দ্র করে পদবঞ্চিতদের সমর্থকরা এ ঘটনা ঘটায় বলে অভিযোগ সংগঠনের একাংশের।
আরএ