দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে এক আওয়ামী লীগ নেতা ও সাবেক এক কাউন্সিলরসহ মৎস্য ব্যবসায়ী সমিতির দুই শতাধিক সদস্য আনুষ্ঠানিকতার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।
শনিবার (১৭ মে) দুপুরে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় রাজৈর উপজেলা এনসিপি নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে যোগদান করেন খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদার সহ মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা।
উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা এনসিপি প্রতিনিধি মহাসিন ফকির, জাবের হাওলাদার, আজগর শেখ, তরিকুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী বাচ্চু বাঘা, স্থানীয় রাজিব মাঘা, মনির ফকিরসহ উপজেলা এনসিপির নেতাকর্মী প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সদ্য যোগদানকৃত খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার বলেন, আমি ৫আগষ্টের আগেই আওয়ামী লীগ ত্যাগ করেছি। ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া দুই ছেলে আন্দোলন করেছে। আমি তাতে সমর্থন করেছি। এনসিপি দল গঠনের পর থেকে দেখছি সন্ত্রাসী ও চাঁদাবাজসহ বিভিন্ন দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে তারা কার্যক্রম পরিচালনা করে। দেশকে ভাল একটা পর্যায়ে পৌঁছে দিতে তারা কাজ করে যাচ্ছে। তাদের এই আদর্শে আদর্শিত হয়ে আজকে এনসিপিতে যোগদান করলাম। আমাদের মৎস্য ব্যবসায়ী সমিতির যত নেতাকর্মী ও সদস্য আছে সবাইকে নিয়ে এনসিপির একটা দূর্গ গড়ে তুলবো এবং তাদের আমি সর্বদিক সহযোগিতা করবো।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজৈর উপজেলার এক প্রতিনিধি মহাসিন ফকির বলেন, আমাদের আদর্শ দেখে আনুষ্ঠানিকতার মাধ্যমে আজ খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর রাহিম হাওলাদার সহ টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সকলে এনসিপিতে যোগদান করেছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজৈর উপজেলার আরেক প্রতিনিধি জাবের হাওলাদার বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামী করার জন্য না। এদেশে আর যেন কোন ফ্যাসিস্ট তৈরি না হয়, আর কেউ যেন এক নায়কতন্ত্র কায়েম করতে না পারে, জুলুম-নির্যাতন, সন্ত্রাসী-চাদাবাজি করতে না পারে সেজন্য আমরা সকল ছাত্র-জনতা, আলেম-ওলামা ঐক্যবদ্ধ করে সেটা প্রতিহত করব। আমরা নতুন রাজনৈতিক বন্দবস্ত গড়ে তুলতে চাই বাংলাদেশে। আজকে ২০০ উপরে নেতা কর্মী ও সাধারণ মাছ ব্যবসায়ীরা যোগদান করেছেন।
এসময় বিএনপির বিরুদ্ধে মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ তুলে ধরে এনসিপি নেতা জাবের হাওলাদার আরও বলেন, টেকেরহাট কাঁচাবাজারে কোন টোলঘর বা সরকারি অবকাঠামোতে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। আবাসিক এলাকার মধ্যে রাস্তার ওপরে মাছ ব্যবসায়ী ও কাঁচামাল ব্যবসায়ীরা দোকানদারি করছে। তাদের কাছ থেকে জনপ্রিয় ২০০-২৫০ টাকা করে চাদা নেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নির্যাতিত হচ্ছে। এ নিয়ে প্রতিনিয়ত মারামারির মতো ঘটনা ঘটছে। আমরা এটার অবসান চাই।
এফএইচ/