দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের বড়াইগ্রামে জামাতার সন্ধান পেতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন এক নারী। প্রতারক আখ্যায়িত করে জামাতার সন্ধান চেয়ে শুক্রবার (১৬ মে) বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারে জনসমক্ষে এ ঘোষণা দেন শাশুড়ি আনোয়ারা।
শাশুড়ি আনোয়ারা জানান, প্রায় চার বছর আগে পাবনার চাটমোহর উপজেলার দোলন গ্রামের কিরন আলীর ছেলে সিয়াম হোসেনের (২৪) সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। তাদের এক বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকে জামাতা সিয়াম স্ত্রী ও কন্যাকে নিয়ে শাশুড়ির বাড়িতেই থাকতেন। তিনি জোনাইল বাজারের আহসানের জুয়েলারি দোকানে কাজ করতেন।
শাশুড়ির অভিযোগ, গত রমজান মাসে সিয়াম জুয়েলারি দোকান থেকে ৬০ ভরি রুপা নিয়ে পালিয়ে যান। এসময় তিনি বাজারের একটি মেয়েকেও সঙ্গে নিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর সিয়ামের স্ত্রী বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অপরদিকে, সিয়ামের মা থানায় অভিযোগ করেছেন যে, তার ছেলেকে গুম করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বেয়াইন (সিয়ামের শাশুড়ি) পরিকল্পিতভাবে তার ছেলেকে গুম করে নাটক করছেন।
শাশুড়ি আনোয়ারা বলেন, আমরা গরিব মানুষ। নাতনি ও মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। নাতনি বাবার জন্য কান্নাকাটি করে। জুয়েলারি দোকানের মালিক রুপা ফেরত চেয়ে চাপ সৃষ্টি করছেন। আবার জামাতার মা গুমের অভিযোগ করেছেন। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। তাই যদি কেউ আমার জামাতার সন্ধান দিতে পারেন, তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
/অ