দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবসরপ্রাপ্ত সচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক ট্রাস্ট্রি খন্দকার মো. আসাদুজ্জামান বলেন, বই পড়লে মন ভালো থাকে, উৎফুল্ল থাকে, মানসিক প্রশান্তি পাওয়া যায়। যে বই আমাদের স্বপ্ন জোগায়, সেই বই আমাদের পড়া উচিত।
শুক্রবার (১৬ মে) বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চবিদ্যালয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত গ্রামীণফোনের সহযোগিতায় দিনব্যাপী বর্ণাঢ্য পুরস্কার বিতরণ উৎসবের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা বই পড়াকে দায়িত্ব মনে না করে আনন্দ মনে করবে। বিশ্বসাহিত্য কেন্দ্র বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে সারাদেশব্যাপী তোমাদের আনন্দ দেবার জন্যই এই বইপড়া আন্দোলন চালিয়ে যাচ্ছে।
পুরস্কার বিতরণ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, বরিশাল জেলা শিক্ষা অফিসার মো. হারুনুর রশীদ, ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গাব্রিয়েল গাইন, গ্রামীণফোন লিমিটেডের বরিশাল সার্কেল হেড সানুয়ার হোসেন ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।
এসময় পুরস্কার বিতরণ উৎসবে বরিশাল মহানগরীর ৩৬টি স্কুলের পুরস্কার বিজয়ী ২ হাজার ৪১১ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে ৩৬টি স্কুলের ২ হাজার ৪১১ জন সরাসরি মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করে এবং ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষে স্কুলের শিক্ষকরা পুরস্কার গ্রহণ করেন। মোট ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২১২ ছাত্রী ও ৭৬১ জন ছাত্রসহ মোট ২ হাজার ৯৭৩ জন শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করে। তাদের মধ্যে স্বাগত পুরস্কার পেয়েছে ১২৪৭ জন, শুভেচ্ছা পুরস্কার পেয়েছে ১১৬৬ জন, অভিনন্দন পুরস্কার পেয়েছে ৪৮৪ জন এবং সেরাপাঠক পুরস্কার পেয়েছে ৭৬ জন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন বলেন, তোমরা একাডেমিক বইয়ের পাশাপাশি বিশ্বসাহিত্য কেন্দ্রসহ অন্যান্য ভালো বইগুলো পড়বে। আগামীর বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরবার জন্য বইপড়া খুবই দরকার।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন বলেন, মানুষকে সকল সৃষ্টির চেয়ে আলাদা বা শ্রেষ্ঠ বলা হয়েছে তার জ্ঞানের জন্য। কিন্তু বই না পড়লে জ্ঞান সমৃদ্ধ হয় না। তাই বই পড়ার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি।
বরিশালের জেলা শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশীদ পুরস্কারপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং অভিনন্দন জানান। তিনি এই অবদান পুরোপুরি শিক্ষার্থীদের দেন এবং তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের এই বইপড়া কর্মসূচিকে চালিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন এবং অনুরোধ করেন বরিশালের ৭৫০টি স্কুলের সকল বিদ্যালয়ে যেন এই কর্মসূচি চালু করা হয়।
বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন স্বাগত বক্তব্যে বছরজুড়ে বইপড়া কর্মসূচি সফলভাবে পরিচালনায় সহায়তা করার জন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সংগঠক ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানান। বর্ণাঢ্য পুরস্কার বিতরণ উৎসব আয়োজনে আগামী বছরগুলোতে ছাত্রছাত্রীদের এ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
এদিকে, পুরস্কার পেয়ে খুশি শিক্ষার্থী ও শিক্ষকরা। ভবিষ্যতে যেন এমন আয়োজন বার বার হয় সেই দাবিও জানান তারা।
/অ