দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি এবং সেটি ডিসেম্বর মধ্যেই আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শনিবার (১৯ এপ্রিল) কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়ন বিএনপির আয়োজনে বাঙ্গরাজারের হায়দরাবাদ সামসুল হক কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জনসভায় কায়কোবাদ বলেন, দীর্ঘ বছরের আন্দোলন সংগ্রামের পর অবশেষে আল্লাহর রহমতে ফ্যাসিবাদ দেশ থেকে বিদায় হয়েছে। এখন আমাদেরকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল পরিমাণ জনসমর্থন নিয়ে সরকার গঠন করবে। বিএনপি চায় আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যেই যেন এ নির্বাচন আয়োজন করা হয়।
মুরাদনগরে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে কায়কোবাদ বলেন, যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠার চেষ্টা করছেন তারা সফল হবে না, হতে দেওয়া হবে না। আমাদের নেতা-কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব বন্ধ করুন। মুরাদনগরের সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, ষড়যন্ত্র করছেন-নির্বাচনের পর কোথায় যাবেন আপনারা।
ছাত্রদের নতুন রাজনৈতিক দল সম্পর্কে তিনি বলেন, নতুন পার্টি করা ব্যক্তিরা যদি নির্বাচন করতে চান সুষ্ঠু ও সুন্দরভাবে করেন। আমি যদি নির্বাচন করি তাদের প্রার্থীকে মঞ্চে তুলে কথা বলার সুযোগ দেব।
মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- বিএনপির কুমিল্লা বিভাগ সহ সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান ও মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়াসহ অন্যান্য নেতারা।
আরএ