দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বড় আউলিয়াপুর গ্রামে এক ব্যক্তির হাত-পা ও চোখ-মুখ বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে নিজ বাড়ি থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির নাম আলমগীর তালুকদার (৫০)। তিনি বড় আউলিয়াপুর গ্রামের মোজাম্মেল তালুকদারের ছেলে।
পরিবার জানায়, গত ৮ এপ্রিল (মঙ্গলবার) থেকে আলমগীর তালুকদারের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ধারণা করা হচ্ছে, সেদিনই তাকে হত্যা করা হয়েছে।
শনিবার সকালে নিহতের স্ত্রী ও ছেলে বাড়িতে এসে পচা গন্ধ টের পায়। পরে ঘরের তালা ভেঙে ঢুকলে আলমগীর তালুকদারের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর ঘটনাস্থলে পৌঁছায় সদর থানা পুলিশ, সিআইডি, ডিবি, পিবিআইসহ জেলা পুলিশের একাধিক টিম। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।
নিহতের বড় ছেলে মো. রিয়াজ হোসেন (৩০) বলেন, ‘বাবার সঙ্গে কারও শত্রুতা ছিল না। কে বা কারা তাকে এভাবে হত্যা করেছে, তা বুঝে উঠতে পারছি না। আমার বাবার হত্যার বিচার চাই।’
পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। সিআইডি ও পিবিআই যৌথভাবে কাজ করছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল শেষে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করেন পুলিশ সদস্যরা। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তারা।
আরএ