দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিঙ্গাইরে থানায় মদ্যপ অবস্থায় গিয়ে পুলিশের সঙ্গে অসদাচরণ ও গালিগালাজ করার অভিযোগে দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে সিঙ্গাইর থানায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সিঙ্গাইর পৌর যুবদলের সদস্যসচিব শফিকুল ইসলাম ওরফে জীবন (৪৫) এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে সিঙ্গাইর থানা পুলিশ। এরপর ওই দুই যুবদল নেতা থানায় গিয়ে আটক আসামিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তারা পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ ও গালিগালাজ করেন। পুলিশ তাদের মদ্যপ অবস্থায় আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, মদ্যপ অবস্থায় থানায় এসে তারা এজাহারভুক্ত আসামিকে ছাড়াতে চাপ দেন এবং পুলিশ সদস্যদের গালিগালাজ করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় তাদের আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। দলের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা মিললে ওই দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সংগঠনের কেউ সংগঠনবিরোধী বা দেশের প্রচলিত আইনবিরোধী কাজে জড়িত থাকলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এফএইচ/