দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে মোশাররফ হোসেন নামের এক ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরেক ভাই আবুল হোসেন।
শনিবার (৫ এপ্রিল) কলারোয়ার বোয়ালিয়া গ্রামের শেখ পাড়ায় এমন ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, শনিবার সকালে কলারোয়ার বোয়ালিয়া গ্রামের শেখ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন বোয়ালিয়া শেখ পাড়ার মৃত ফজর আলীর মেজ ছেলে। আশঙ্কাজনক অবস্থায় আহত আবুল হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত ও আহতের অপর দুই ভাই সোহরাব হোসেন ও আশরাফ হোসেনকে আটক করেছে।
স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, শেখ পাড়ার পাশের খালে শনিবার সকাল ৮টার দিকে মোশাররফ হোসেন ও সোহরাব হোসেন মাছ ধরছিলেন। কিছুক্ষণের মধ্যে মোশাররফ হোসেন বড় একটি মৃগেল মাছ পান। এসময় সোহরাব হোসেন তার পাশ থেকে মাছ ধরা হয়েছে বলে সেই মাছ দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও মাছ কেড়ে নেওয়া নিয়ে ধস্তাধস্তি হয়।
খবর পেয়ে তাদের অপর দুই ভাই আবুল হোসেন ও আশারাফ হোসেন ঘটনাস্থলে যান। চার ভাইয়ের তুমুল মারামারির সময় সোহরাব হোসেন তার কাছে থাকা ছুরি দিয়ে মোশাররফ হোসেন ও আবুল হোসেনকে আঘাত করেন। এতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মোশররফ হোসেন মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহরাব হোসেনকে গ্রেপ্তার করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে আরেক ভাই আশারাফকেও গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
/অ