দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরায় ধানক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে এক কৃষককে বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রী দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ এপ্রিল) বেলা দেড়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ধুলিহর সানাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আনারুল ইসলাম (৪৭)। তিনি সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের ধুলিহর সানাপাড়া গ্রামের মৃত আমির আলী ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের সুরেশ পাল ওরফে সুরেশ খোড়ার ছেলে লক্ষণ পাল (৫০) ও তার স্ত্রী নমিতা পাল (৪০)।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কৃষক আনারুল ইসলাম স্যালো মালিক লক্ষণ পালের স্যালো মেশিন থেকে পানি নিয়ে ধুলিহর সানাপাড়া এলাকায় ৮ কাঠা জমিতে বোরো ধান চাষ করেছেন। ২/৩ দিন আগে থেকে তার জমিতে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বুধবার বেলা ১টার দিকে আনারুল ইসলাম জমিতে গিয়ে লক্ষণ পালের কাছে তার জমিতে পানি দেওয়া বন্ধ করেছে কেন জানতে চায়।
বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে লক্ষণ পাল তার হাতে থাকা কাঁচি দিয়ে আনারুল ইসলামের বাম চোখে আঘাত করে। একই সঙ্গে লক্ষণ পাল, তার ছেলে জয় পাল ও স্ত্রী নমিতা পাল মিলে ইসলামকে বেদম পিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ লক্ষণ পাল ও তার স্ত্রী নমিতা পালকে আটক করেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, জিজ্ঞাসাবাদের জন্য লক্ষণপাল ও তার স্ত্রী নমিতা পালকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আরএ