দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময় ছিটকে পড়ে আব্দুল কাইয়ুম ও তারেক নামে দুই যুবক নিহত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাড়র ব্রিজ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
নিহত কাইয়ুম কুমিল্লার দেবিদ্বার এলাকার করিম মিয়ার ছেলে ও তারেক কসবা উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় লোকজন জানায়, ট্রেনটি গঙ্গাসাগর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে ওই চার যুবক টিকটক করছিল। ব্রিজের উপরে থাকা তারের সঙ্গে জড়িয়ে ছিটকে নিচে পড়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যায়। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারেকও মারা যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে চার বন্ধু সিলেট যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, টিকটক করতে গিয়ে ওই চার যুবক ছিটকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএ