দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় জামিনে বের হয়ে দুধ দিয়ে গোসল করলেন ছাত্রলীগের রাজবাড়ী জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ (৪০)।
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যার পর ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যাচ্ছে সাইফুল ইসলাম এরশাদকে তার মা দুধ মাথায় ঢেলে গোসল করিয়ে দিচ্ছেন। দুধের সঙ্গে গোলাপ ফুলের পাপড়িও রয়েছে।
জানা গেছে, গত ৪ আগস্ট রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদকে গত ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে সদরের কামালদিয়া এলাকা থেকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরদিন ২০ ফেব্রুয়ারি তাকে আদালতে পাঠানো হলে তার পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। তবে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি জেলা কারাগারে বন্দি ছিলেন। বুধবার (২৬ মার্চ) জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান এরশাদ।
সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন, ‘আমার মা মানত করেছিলেন জামিন পেলে দুধ দিয়ে গোসল করাবেন। এজন্য ২৬ মার্চ বিকেলে জামিনে জেল থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পর আমার মা খুশি হয়ে দুধ দিয়ে গোসল করিয়েছেন।’
সাইফুল ইসলাম এরশাদ সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা বাজার এলাকার মৃত ইসলাম শেখের ছেলে। তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
এফএইচ/