দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার লামিয়া নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লামিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো. বণি আমিন।
এদিকে লামিয়ার বাবার পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে বিষয়টিকে আত্মহত্যা বলে প্রচারণা করছে।
নিহত লামিয়া আক্তার বরিশালের বানরিপাড়া উপজেলার উমারেরপাড় এলাকার মামুন মিয়ার মেয়ে ও পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বলদিয়া ইউনিয়নের উত্তর গগণ গ্রামের মো. শাওনের স্ত্রী।
লামিয়ার চাচাতো ভাই হুমায়ুণ কবির জানান, দুই বছর আগে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার উত্তর গগণ গ্রামের মনিরুল ইসলামের ছেলে মো. শাওনের সঙ্গে লামিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন কারণে প্রায়ই শাওন ও তার পরিবারের লোকজন লামিয়াকে নির্যাতন করতো। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে তার শ্বশুর বাড়ি থেকে জানানো হয় লামিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে রাত ১১টার দিকে লামিয়ার শ্বশুর বাড়িতে পৌছালে সেখানে লামিয়ার মরদেহ পাওয়া যায়নি। পরে হাসপাতালে এসে লামিয়ার মরদেহ দেখতে পাই। কিন্তু তার গলায় ফাঁসের কোনো চিহ্ন দেখা যায়নি।
অভিযোগের বিষয়ে লামিয়ার শ্বশুর মনিরুল ইসলাম জানান, ওই ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তিনি জানতে পেরেছেন যে পরিবারের সদস্যরা লামিয়াকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করা হলে কক্ষের দরজা বন্ধ পায়। এক পর্যায়ে দরজা ভেঙে দেখা যায় লামিয়া গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ওইসময় ঘর থেকে তাকে উদ্ধার করে নেছারাবাদ (স্বরূপকাঠি) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। কি কারণে লামিয়া গলায় ফাঁস দিতে পারে এ বিষয়ে মনিরুল ইসলাম কিছুই বলতে পারেননি। তাদের বিরুদ্ধে যে হত্যার অভিযোগ করা হয়েছে তা তিনি প্রত্যাখ্যান করেন।
নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো. বণি আমিন জানান, লামিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করছে এবং একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পরে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ