দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদককে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করার অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বিরুদ্ধে।
শনিবার (০৮ মার্চ) তাড়াইল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী পাশে বসে থাকতে দেখা যায় উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক দেওয়ান ফারুক দাদ খানকে। অনুষ্ঠানের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। দেওয়ান ফারুক দাদ খান তাড়াইল উপজেলা প্রেসক্লাব সভাপতি ও একটি জাতীয় দৈনিকের উপজেলা প্রতিনিধি।
গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রকাশ্যে দেখা না গেলেও হঠাৎ করে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদককে পাশে বসিয়ে একই মঞ্চে অনুষ্ঠান করায় বিতর্কের সৃষ্টি হয়েছে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে মানুষ সীমাহীন দুর্ভোগে ছিল। আন্দোলন চলাকালে মানুষের ওপর নির্বিচারে গুলি করেছে। নিষিদ্ধ না হলেও সর্বমহলে তাদের অবাঞ্ছিত করা হচ্ছে। কীভাবে সেই দলের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতাকে নিয়ে পাশে বসেন ইউএনও। এতে বোঝা যায়, এখনও সেই পিছুটান রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকীর সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, ফারুক দাদ খানের থাকার বিষয়টি আমি জানতাম না। অনুষ্ঠানটির আয়োজক আমি ছিলাম না।
এ বিষয়ে অনুষ্ঠানের আয়োজক তাড়াইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা খানমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায় নি।
“অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (০৮ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক দাদ খান প্রমুখ। এতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক নাসরিন আকতার সঞ্চালনায় করেন।
আরএ