দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বরিশাল - কুয়াকাটা মহাসড়ক প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে শিক্ষার্থীরা ।
শনিবার (৮ মার্চ) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বাস -মাহিন্দ্রা (আলফা) শ্রমিকদের মধ্যকারের ঝামেলা ঠেকাতে গেলে তিন শিক্ষার্থী মারধরের শিকার হন ।
ভুক্তভোগীরা হলেন, লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী তানজিল আজাদ, রবিউল ইসলাম ও ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম। তবে অভিযুক্তদের নাম জানা যায়নি।
এদিকে মারধরের ঘটনায় শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে মহাসড়ক অবরোধ করলে চরম ভোগান্তিতে পড়ে কয়েকশত মানুষ। পরে দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সাময়িকভাবে অবরোধ তুলে নেয় তাঁরা।
প্রত্যক্ষদর্শী জানান, মহাসড়কে আলফা ও বাসের সঙ্গে ঝামেলা নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। সেইসময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে সমাধান করতে গেলে, তাদের উপর চড়াও হয়ে মারধর করে কয়েকজন যুবক।
ভুক্তভোগীরা জানান, বাস ও সিএনজির মধ্যে ঝামেলা চললে আমরা সেখানে যাই, যাতে রাস্তার মধ্যে তারা ঝামেলা না করে। সেইসময়ে এক সহপাঠীকে মারধর করলে সেখানে আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের তিনজনকে মারধর করে এবং অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তবে এখনও এ ঘটনার অভিযুক্তদের শনাক্ত করা যায়নি।
এ ঘটনায় এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও মালিক সমিতির নেতাদের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় বৈঠক হয়। এ সময় শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা সহ ৫ দফা দাবি জানান।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। আমাদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সেনাবাহিনী আছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, শিক্ষার্থীদের মারধরের কথা শুনেই আমি সাথে সাথে ঘটনাস্থলে এসেছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ঘটনাটি শুনেছি। পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছি যাতে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। আশা করছি দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।
এফএইচ/