দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদেশে যাওয়া হলো না আলামিনের। তার আগেই নড়াইলের নড়াগাতিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আলামিন শেখ (৩২) নামের ওই যুবকের। এসময় মোটরসাইকেলে থাকা দুলু শেখ (২৫) ও নয়ন শেখ (২০) নামে দুজন গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯টার দিকে নড়াগাতী থানার যোগানিয়া তুষারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলামিন শেখ দক্ষিণ যোগানিয়া গ্রামের মসলে উদ্দিনের ছেলে। আহত দুলু ও নয়ন শেখ একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলামিন শুক্রবার (৭ মার্চ) বিকেল ৩টায় সৌদি আরব যাওয়ার ফ্লাইট থাকায় বৃহস্পতিবার রাতে দুলু শেখ ও নয়ন শেখকে সঙ্গে নিয়ে চুল-দাড়ি কাটার জন্য নড়াগাতী থানার যোগানিয়া বাজারে যান। পরে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে যোগানিয়া তুষারের মোড় এলাকায় পৌঁছালে একজন মহিলা রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের সামনে চলে আসে। এসময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলামিনসহ দুলু ও নয়ন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। দুলু ও নয়নকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়েছে।
নড়াগাতী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা শোনামাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
আরএ