দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ মাওলানাদের জেলে ভরে জঙ্গি বানিয়েছিল।
তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র- চক্রান্ত চলছে। পার্শ্ববর্তী দেশ ভারতে বসে আছে ষড়যন্ত্রকারী (শেখ হাসিনা)। সে চায়, বাংলাদেশে কোনভাবে যাতে ভোট না হয়, ভোট না করে কিভাবে পদ্মা নদীর এপারে চলে আসা যায়। ওই ষড়যন্ত্রকারী বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামকে হত্যা করেছে। মাওলানাদেরকে জেলে ভরে জঙ্গি বানিয়েছে। আমরা বলে দিতে চাই ওই ষড়যন্ত্রকারী ও তার দোসরদের জায়গা এই বাংলাদেশের মাটিতে আর হবে না।
বুধবার (৫ মার্চ) বিকেলে নাটোরের নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, অন্তবর্তীকালীন সরকার বিগত সাত মাসে দেশের কোন সংস্কার করতে পারেনি। তারা কোন সংস্কার করতেও পারবে না। সংস্কারের কথা বলে তারা কালক্ষেপণ করছে।
দুলু আরও বলেন, যতদ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। দেশের আইন শৃংখলা পরিস্থিতি মারাত্বক ভাবে অবনতি হয়েছে। দেশের মানুষ গত ১৮ বছর কোন ভোট দিতে পারেনি। সাধারণ মানুষ তাই ভোট দিতে মুখিয়ে আছে। ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা হলেই দেশের আইন শৃংখলা পরিস্থিতি ও বিনিয়োগসহ সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হবে। ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা হবে।
নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের প্রমুখ।
এফএইচ/