দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরের মাদারগঞ্জে ইউনিয়ন বিএনপির এক নেতার চাঁদা দাবির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ফেইসবুক ব্যবহারকারীদের মাঝে। চাঁদা দাবির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দলীয় নেতাকর্মীরা।
চাঁদা দাবি করা সেই বিএনপি নেতা শফিউল ইসলাম স্বপন মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছে।
৩৭ লাখ টাকার একটি প্রকল্প থেকে ১০ শতাংশ চাঁদা দাবির কথা শোনা যায় ৭ মিনিট ১৭ সেকেন্ডের অডিওতে। শনিবার থেকে কথোপকথনের অডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
অডিওতে শোনা যায়, একটি প্রকল্পের প্রকৌশলীর সঙ্গে কথা বলছেন স্বপনসহ বেশ কয়েকজন নেতা। তারা ওই প্রকৌশলীকে প্রকল্পের ৩৭ লাখ টাকা থেকে ১০ শতাংশ চাঁদা হিসেবে দাবি করেন। ওই প্রকৌশলী প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান। এরপর কর্তৃপক্ষ অনুমতি দিলে টাকা দিতে রাজি হন সেই প্রকৌশলী। টাকা দেওয়ার পর প্রকল্পের কাজ যেন তেনভাবে শেষ করলেও অসুবিধা নেই বলে জানান বিএনপি নেতা শফিউল ইসলাম স্বপন। এছাড়াও অডিওটিতে ফরহাদ হোসেন লিটন নামে স্থানীয় এক যুবদল নেতাকেও চাঁদা চাইতে শোনা যায়।
নাম প্রকাশ না করার শর্তে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির একজন নেতা বলেন, ‘৫ আগস্টের পরে আমরা সবাই যখন দল সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি, ঠিক সেই সময়ে এমন অডিও ফাস হওয়া খুবই দুঃখজনক বিষয়। আমরা চাই যে- দল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। শফিউল ইসলাম স্বপন যদি দোষী হয় তাহলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করুক। আর তিনি যদি দোষী না হয়, তাহলে এই অডিও’র পেছনে যারা রয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনুক।’
প্রকল্পটির প্রকৌশলী আবু রায়হান আবির মোবাইল ফোনে জানান, ‘প্রভাতী প্রকল্পের আওতায় তেঘরিয়া বাজারে নির্মাণ কাজ শেষ হয়েছে অনেক আগেই। এই কথোপকথন কবে হয়েছে আমার মনে নেই। মনে হচ্ছে বিষয়টি এআই দিয়ে করা। আমিও রেকর্ডটি খতিয়ে দেখছি।’
চাঁদা দাবির বিষয়ে ইউনিয়ন বিএনপির নেতা শফিউল ইসলাম স্বপন বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপণ্ন করার আওয়ামী লীগসহ একটি পক্ষ সুপার এডিট করে এই অডিও ভাইরাল করছে। আমি এই ঘটনায় ইতোমধ্যে মাদারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমি চাই, যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই কাজ করেছে, তাদের বিচার হোক।’
এসব বিষয়ে মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল কাদের বাবুল মোবাইল ফোনে জানান, ‘আমি সবেমাত্র বিষয়টি দিখলাম। আমরা আলোচনা করে দলীয় ব্যবস্থা গ্রহণ করবো।’
আরএ