দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটা সংলগ্ন পশ্চিম সাগর মোহনা ও লেবুরবনে কোস্টগার্ড ও র্যাব যৌথ অভিযান চালিয়ে চার লাখ পিস ইয়াবাসহ ১৬ পাচারকারীকে আটক করা হয়েছে।
গত বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে গভীর সৈকতে এ অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মহিপুরের নিজামপুর কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় প্রেস ব্রিফিংয়ে জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোস্টগার্ড ও র্যাব সদস্যরা কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেবুরবন সাগর মোহনায় অভিযান পরিচালনা করে। এসময় একটি নামবিহীন ট্রলারে অভিনব কায়দায় জালের মধ্যে লুকিয়ে সমুদ্রপথে পাচারকালে এক লাখ পিসসহ ১৬ পাচারকারীকে আটক করা হয়। একই সময় লেবুরবন অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তায় থাকা চার লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- নবি হোসেন, মনির উদ্দিন, সোয়দ আলম, মোফাচ্ছেল হোসেন, মোবারক হোসেন, ছবুর আহম্মদ, সেলিম মাঝি, ওমর ফারুক, তহিদুল আলম, আবু তালেব, আব্দুল নবী, ফজলে করিম, মোস্থাক আহম্মদ, আব্দুল খালেক, আলফাত ও খলিল আহম্মদ।
আটককৃতরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ চক্রটি সমুদ্র পথে দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে কোস্টগার্ড সদস্যরা জানান। তবে এ চক্রের মূলহোতাকে আটক করতে পারা যায়নি। এমনকি তাকে চিহ্নিতও করা যায়নি।
কোস্টগার্ড জানায়, ১৬ মাদক পাচারকারী, জব্দ ট্রলার ও উদ্ধার করা চার লাখ পিস ইয়াবা মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, থানায় মামলা রেকর্ডের পর আসামিদের কলাপাড়া আদালতে সোপর্দ করা হবে।
আরএ