দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ১৭ বছর পর মৌলভীবাজার সদর উপজেলার ৭ নম্বর চাঁদনীঘাট ইউনিয়ন পশ্চিম শাখার বিএনপির সভাপতি পদে ব্যালট পেপারে ভোটের মাধ্যমে গঠন করা হয়েছে। দীর্ঘদিন পর দলের ভেতরে গণতন্ত্রের চর্চা শুরু হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় বালিকান্দি খেয়াঘাট মাঠে শুধু ইউনিয়ন বিএনপির সভাপতি পদে গোপন ব্যালটের মাধ্যমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে ত্রি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়।
এসময় দেখা যায়, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। ইউনিয়ন পর্যায়ে নতুন নেতৃত্ব বেছে নিতে বিএনপির এ সম্মেলনকে ঘিরে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচনের জন্য মোট ২০৪ ভোটারের মধ্যে ১৮১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ পদে প্রার্থী ছিলেন দুই জন। ১০১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আজমল আমিন তরফদার। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেরওয়ান আহমেদ পেয়েছেন ৭৯ ভোট। আর বাতিল হয় ১ ভোট। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিল্লুল বক্স নির্বাচিত হন।
গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচনের পর এক ভোটার তার প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আগে নেতারা নেতৃত্ব নির্বাচন করে দিতেন। কিন্তু এবার আমাদের নেতা আমরাই ভোটের মাধ্যমে নির্বাচিত করেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন সিদ্ধান্তে আমরা তৃণমূলের নেতাকর্মীরা সবাই খুশি। আমরা মনে করি, দলে গণতন্ত্রের জয় হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন।
নির্বাচনের ফল ঘোষণা করে এম নাসের রহমান বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তৃণমূলের নেতাকর্মী যাদের ভোট দেবেন তারাই নেতা হবেন। বিএনপি যে একটি গণতান্ত্রিক দল এটাই তার বড় প্রমাণ। দলে এভাবেই গণতন্ত্র চর্চা করতে হবে। অন্য নির্বাচনের মতো এখানেও সব প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
নির্বাচনে প্রিসাইডিং অফিসার ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম ও মুজিবুর রহমান মজনু।
আরএ