দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বেগমগঞ্জে এক ব্যবসায়ীকে হত্যা করে মৃতদেহ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। তবে পুলিশ এটাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) আম গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, শনিবার দিবাগত রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সাত্তার (৩৫) উপজেলার একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ির মজিবুল হকের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাত্তার স্থানীয় চৌমুহনী বাজারে কাপড়ের ব্যবসা করতেন। শনিবার রাতে কে বা কারা তাকে ডেকে নেয়। ভোর ৪টার দিকে বাড়ির সামনের একটি গাছে সাত্তারের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ভাই আনোয়ার অভিযোগ করে বলেন, জমি ও মাটি কাটা নিয়ে আমার চাচা এছহাক, জেঠাতো ভাই হারুন ও বাবুলের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছিল। এছাড়া মাটি কাটা নিয়ে আমানিয়া ব্রিক ফিল্ডের তারেক ও আরিফের সঙ্গে আমার ভাই সাত্তারের বিরোধ দেখা দেয়। তারা এক জোট হয়ে আমার ভাইকে হত্যা করে গাছে মরদেহ ঝুলিয়ে রাখে।
অভিযুক্তদের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, নিহতের স্বজনরা দুজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা মনে হচ্ছে। তবে অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
/অ