দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতা পুলিশের হাতে আটক হয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শিবপুর থানার ভেতরে এ ঘটনা ঘটে।
শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবিদ হাসান জজ মিয়া উপজেলার পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে।
শিবপুর থানা পুলিশ জানান, আবিদ নিজেকে শিবপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পরিচয় দিয়ে হুমকি-ধামকি দিয়েছে। উপজেলার জয়নগর ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবর পেয়ে রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জজ মিয়া। থানায় উপস্থিত হয়েই হাজত খানায় নাদিমের সঙ্গে দেখা করতে যেতে চায়।
এসময় কর্তব্যরত সেন্ট্রি সবুজ মিয়া তাকে বাঁধা দেয়। পরে সে ক্ষিপ্ত হয়ে সবুজ মিয়াকে এলোপাথাড়ি কিল ঘুসি ও লাথি মারতে থাকে। মুহূর্তেই উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত হাজত খানার সামনে থেকে সবুজ মিয়াকে উদ্ধার করে। পরে পুলিশের সদস্যরা এ ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আরও উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে জজ মিয়া বলে, ‘এ থানায় চাকরি করলে তাকে চিনতে হবে। তার কথা শুনতে হবে। তা না হলে এখানে চাকরি করা যাবে না।’ এক পর্যায়ে নাদিম সরকারকে ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেয়। পরে তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে ফেলে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাঁধা দেওয়ার ফলে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে আহত পুলিশ সদস্য সবুজ মিয়া।
আরএ