দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাসা লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর রাতের দিকে এ হামলার ঘটনা ঘটে।
নওগাঁ সহকারী জেলা পুলিশ সুপার (নিয়ামতপুর, মান্দা সার্কেল) জাকিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, অফিসার ইনচার্জ হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করেছেন।
গুলির বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল গণমাধ্যমকে জানান, বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিমের বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে সেখানে চার রাউন্ড গুলি ছোরা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গুলি বাসার জানালার গ্লাস ভেদ করে ঘরের ভেতরে প্রবেশ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জেলা প্রশাসক আরও জানান, এরইমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, আমি রাতে শুয়ে ছিলাম। হঠাৎ একটি শব্দ পেলাম। শব্দে কিছু মনে করি নাই। এর কিছুক্ষণ পর আবারও একটি শব্দ পেলাম। শব্দ পেয়ে পাশের রুমে এসে জানালায় দেখি জানালার গ্লাস দুটো ফুটো। একটি বড় আরেকটি ছোট। এর কিছুক্ষণ পর আবারও একটি শব্দ এবং আমার মাথার কয়েক ইঞ্চি দূর দিয়ে কিছু একটা চলে গেল। আমি সাথে সাথে জানালার বাইরে দেখার চেষ্টা করলাম। কিন্তু কাউকে দেখতে পেলাম না। ঘরের মেঝেতে তিনটি ধাতব পদার্থ পড়ে রয়েছে। ধাতব পদার্থ পুলিশের হাতে দেওয়া হয়েছে। তারাই বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে জানাবেন।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, রাত ১টায় সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম আমাকে মুঠোফোনে জানান, কে বা কারা আমার বাড়িতে হামলা করেছে। আমি সাথে সাথে আনসার সদস্যকে পাঠালে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায় নাই। কিন্তু আশপাশে অনেক খোঁজাখুঁজির পর তিনটি গুলির মতো ধাতব পদার্থ পাওয়া যায়। এ বিষয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেন।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, এজাহার পাওয়া গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসার বাইরে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ পর্যালোচনা করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
আরএ