দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের চাকেরকুটি ব্যাপারীটারী গ্রামের এক বাড়িতে বিছানায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হয় সাত মাসের শিশু আদিবা। এ ঘটনার একদিন পর বাড়ির সেফটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়ির পিছনের সেফটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার দুপুরে ঘরে ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে শিশুটি নিখোঁজ হওয়ার দাবি করেন শিশুর বাবা আমিনুর ইসলাম ও মা জান্নাতুল বেগমসহ শিশুটির দাদী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ঘরের ভিতর ঢুকে বিছানায় ঘুমিয়ে থাকা আদিবা নামের সাত মাসের শিশুটিকে খুঁজে পায় না তার দাদী আমেনা। পরে শিশুটির বাবা মাসহ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। এরপর শিশু নিখোঁজের বিষয়টি সোমবার থানা পুলিশকে অবগত করে।
পুলিশ সেদিনই ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন জায়গাসহ প্রতিবেশিদের খোঁজ করেও শিশুটিকে খুঁজে পায়নি। পরদিন মঙ্গলবার দুপুরে পুলিশ শিশুটির বাড়ির সেফটিক ট্যাংকে খুঁজতে গিয়ে তার মরদেহ খুঁজে পায়।
পুলিশ জানায়, পরিবারের লোকজনের অভিযোগ ওই বাড়িতে আগে থেকে প্রায় সময় বাড়ির বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা ঘটতো। পরে সোমবার শিশুটি হঠাৎ ঘর থেকে উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। আজ পুলিশ সেফটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় শিশুটির মা, বাবা ও দাদীকে জিজ্ঞাসাবাদের মঙ্গলবার বিকেলে থানায় নেয় পুলিশ।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় শিশুটির বাবা-মা ও দাদীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এখনও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। শিশুটিকে হত্যার রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালানো হচ্ছে।
আরএ