দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ানুর রহমান ওরফে রনিকে আটক করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার জারিয়া বাজার এলাকা থেকে থানা-পুলিশ তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান।
আটক রেজুয়ানুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুরে রেজুয়ানুর রহমান জারিয়া এলাকায় অবস্থান করছিলেন। এসময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি পুলিশ হেফাজতে ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
নেত্রকোনা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, চেয়ারম্যান রেজুয়ানুর রহমানের বিরুদ্ধে আজ রোববার দুপুরে নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় নাম উল্লেখ করা ১১ জন আসামির মধ্যে তিনি ১ নম্বর আসামি। মামলাটির বাদী ভাসাটি খণ্ডপপুর এলাকার বাসিন্দা সাদেক মিয়া। মামলায় বাদী উল্লেখ করেন গত ৪ আগস্ট ধলামুলগাঁও ইউনিয়নে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘবদ্ধ আসামিরা হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে করে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।
তিনি আরও জানান, মামলায় চেয়ারম্যানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
আরএ