দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের রামগতিতে ৮ মাসে পবিত্র কোরআন মুখস্থ করে মোহাম্মদ ওমর ফারুক নামে এক শিশু হাফেজ হয়েছেন। ৮ বছর বয়সী এ শিশুর এমন নৈপূণ্যে অবাক হয়েছেন শিক্ষক-অভিভাবকসহ সবাই। অধিক আগ্রহ ও মননশীলতায় দ্রুত সময়ের মধ্যে ওমর পুরো কোরআন মুখস্ত করতে পেরেছে বলে জানান শিক্ষকরা।
ওমর রামগতি উপজেলার আলেকজান্ডার দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ও একই এলাকার ব্যবসায়ী জিয়া উদ্দিন রানার ছেলে।
ওমরের বাবা জিয়া উদ্দিন বলেন, আমার মা চেয়েছিলেন ওমর যেন কোরআনে হাফেজ হয়। সেই স্বপ্ন পূরণ হয়েছে। তবে এতো দ্রুত স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় অবাক হয়েছি। আল্লাহ আমার ছেলেকে ভবিষ্যতে ভালো একজন আলেম হওয়ার তৌফিক দিন। এজন্য তার শিক্ষকসহ সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
হাফেজ মোহাম্মদ ওমর ফারুক বলেন, আল্লাহ রহমত ছিল বলেই চেষ্টা করে আমি সফল হয়েছি। শিক্ষকরাও আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের কাছে দোয়া চাচ্ছি যেন বড় হয়ে ভালো একজন আলেম হয়ে দ্বীনের প্রচারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি।
শিক্ষকরা জানায়, ওমর মেধাবী। তার শেখার আগ্রহ সবাইকে অনুপ্রাণিত করেছে। প্রথম দিকে ২-৩ পৃষ্ঠা সবক দেওয়া হতো। এরপর সে নিজেই ৫-১০ পৃষ্ঠা পর্যন্ত সবক নিয়েছে। সবাই যখন বিকেলে খেলাধুলা করত তখন ওমর পড়া নিয়ে ব্যস্ত থাকতো। তার পড়া দেখে সবাই মুগ্ধ হয়। হাফেজ হওয়ার দিনও তাকে রুটিন অনুযায়ী পড়তে দেখা গেছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তাকে মাদরাসার হেফজ বিভাগে ভর্তি করা হয়। কোরআন সবক নিয়ে মাত্র ৮ মাসেই হাফেজ হয় ওমর।
মাদরাসার পরিচালক মাওলানা শাহাদাত হোসাইন জামিল বলেন, আল্লাহ ওমরকে কবুল করেছেন। এতো অল্প সময়ে হাফেজ হওয়া বিস্ময়কর। এটি তার জন্য সৌভাগ্যও। আমাদের মাদরাসার জন্য বিষয়টি গর্বের। আল্লাহ সব সময় তার সহায় থাকুক। তার প্রতিভা যেন দ্বীনের কাজে প্রস্ফুটিত হয়, সেজন্য সবাই দোয়া করবেন।
আরএ