দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় এম এম নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি পালনের সময় শিল্প পুলিশ ও কারখানার স্টাফদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় কারখানার নিরাপত্তা ইনচার্জ এবং শিল্প পুলিশের এক কনস্টেবলসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে তালে ঝুলিয়ে তাদের কাছে চাবি রেখে দেয়। ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত আছেন।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ওই কারখানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- কারখানার নিরাপত্তা ইনচার্জ আজিজুর রহমান (৪৫) ও গাজীপুর শিল্প পুলিশ-২’র কনস্টেবল নাহিদ (২৮)। আহত অন্যদের নাম জানা যায়নি। গুরুতর আহত পুলিশ কনস্টেবলকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানায়, শ্রমিক আন্দোলনের সময় কারখানায় হামলা করে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এম এম নীটওয়্যার এবং ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানা কর্তৃপক্ষ ১১৩ জন শ্রমিক ছাঁটাই করে। ছাঁটাইকৃত শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করার পরও তারা আবার চাকরি ফিরে পাওয়ার প্রত্যাশায় কারখানার প্রধান ফটকে জড়ো হয়। তাদেরকে পুনরায় চাকরিতে যোগদানের জন্য দুইদিন ধরে সকাল থেকেই কারখানার সকল শ্রমিকেরা কর্মবিরতি পালন করে আসছে। পরে কারখানার ভিতরেই অবস্থান করে বিক্ষোভ করতে থাকে তারা।
এম এম নীটওয়্যার লিমিটেডের শ্রমিক সাদ্দাম হোসেন বলেন, শুনছি নতুন করে আরও শ্রমিক ছাঁটাই করছে। এ খবরে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ভিতরে অন্দোলন করেছ। আমি বের হয়ে চলে আসার পর ভিতরের অবস্থা বলতে পারব না।
এম এম নীটওয়্যার লিমিটিড কারখানার প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, শ্রমিকরা আজও কর্মবিরতি পালন করছে। তাদের দাবি ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল করতে হবে। কিন্তু ছাঁটাইকৃত শ্রমিকদেরকে তাদের সকল পাওনা শ্রম আইন অনুযায়ী পরিশোধ করা হয়েছে। তাদের কোনো অভিযোগ নেই।
তিনি আরও বলেন, বর্তমানে যে অবস্থা সময় মতো শিপমেন্ট দিতে না পারলে অর্ডার বাতিল হয়ে যাবে। বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কারখানা কর্তৃপক্ষ।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ফজল আলী জানান, পুলিশ সদস্য নাহিদকে আহত অবস্থায় তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসছে। তার মাথায় আঘাত লেগেছে এবং দুইটি সেলাই দেওয়া হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এম এম লীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা ছাঁটাইকৃত শ্রমিকদের পুনরায় চাকরিতে যোগদান করানোর দাবিতে দুই দিন ধরে কর্মবিরতি পালন করছে। সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে কথা বলছেন।
আরএ