দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা (পিআর ব্যবস্থা) ছাড়া বাংলাদেশে দুর্নীতি ও পেশী শক্তি মুক্ত নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তাই আগামী নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বতীকালীন সরকারের ওপর চাপ বাড়াতে দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
মুফতি মুহাম্মদ ফয়জুল করীম বলেন, এই পদ্ধতিতে যে মার্কা যত শতাংশ ভোট পাবে, তত শতাংশ প্রতিনিধি সংসদে যাবে। এতে দেশ ও জাতি মুক্তি পাবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার; দুর্নীতিবাজদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে।
পার্বত্য অঞ্চলে কিছু বিচ্ছিন্নতাবাদী স্বাধীনতা ঘোষণা করতে চায়। তাই এসব বিচ্ছিন্নতাবাদীদের কঠোর হস্তে দমণ করতে সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক ভূখণ্ড রক্ষায় নিজেদের জীবন দিবে। এক ইঞ্জি ভূখণ্ডও কাউকে দেওয়া হবে না। দেশে এখনও বৈষম্য বিদ্যমান উল্লেখ করে তিনি আরও বলেন, অন্তর্বতীকালীন সরকার বৈষম্য দূর করতে না পারলে ৫ আগস্টে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইয়ে রক্ত দেওয়া বৃথা হয়ে ভূলণ্ঠিত হয়ে যাবে।
তিনি অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, দেশ সংস্কারের জন্য যে কমিটি করা হয়েছে তাতে বৈষম্য বিদ্যমান। আলেম ব্যতীত কোনো কমিশন কখনও নিরপেক্ষ হতে পারে না। তাই প্রতিটি কমিটিতে ওলামায়ে কেরামদের প্রতিনিধিত্ব থাকতে হবে। আলেমদের নিয়ে বৈষম্য কখনও কাম্য নয়। তিনি অন্তবর্তীকালীন সরকারকে কারো কাছে মাথা নত না করে সাহসিকতার সাথে দেশ চালানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, নীতি ও আদর্শের পরিবর্তন ছাড়া বৈষম্যমুক্ত সাম্যের বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব নয়। তাই আগামী নির্বাচনে শান্তির দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম প্রমুখ।
সমাবেশ শেষে শায়খে চরমোনাই ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করেন।
আরএ