দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক নারী ও দুই শিশুকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হিজলদী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে তারা ভারতে যাওয়ার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকের বরাতে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল জানান, গোপন তথ্যের ভিত্তিতে কলারোয়ার হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৬ হতে ২০০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর নামক স্থান হতে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতের উদ্দেশ্যে গমন করবে—এমন সংবাদের পর হিজলদী বিওপির হাবিলদার তিমথি চাকমার নেতৃত্বে একটি অভিযানিক দল সেখানে অবস্থান নেয়। এরপর ওই স্থান থেকে একজন নারী ও দুইজন শিশুকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—শেরপুরের নওখোলা থানার শিকদারপাড়া গ্রামের মো. মনিরের মেয়ে মোছা. মনিকা খাতুন (২১), মোছা. রিতু আক্তার সুমাইয়া (১৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মহিষপুর গ্রামের মোহন মিয়া মেয়ে মোছা. মরিয়ম আক্তার জুলি (১৫)। এদের সবাইকে ভারতে প্রবেশের চেষ্টার অপরাধে আটক করা হয়।
এফএইচ