দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের মানুষের মনের ভাবনার পরিবর্তন না বুঝলে বিএনপির রাজনীতি আগামী দিনে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৪ আগস্ট) নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চেউয়াখালী বাজারে বন্যা দুর্গতদের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ দেশের মানুষের বড় একটি অংশ যুবক শ্রেণীর। তাদের মনের ভাবনা বুঝতে হবে। আওয়ামী লীগ যে লুটপাট, চাঁদাবাজি, যে মাস্তানি, যে দখল করেছে। সেটা কি আমরা করতে পারব? আপনারা কি সেটা করতে পারবেন? বাধা দিতে হবে। গত ১৪-১৫ দিনে বাংলাদেশের মানুষের মনের ভাবনার যে পরিবর্তন, আমরা যদি না বুঝি, বিএনপির রাজনীতি আগামী দিনে কঠিন হয়ে যাবে। সবাইকে জনগণের স্বার্থ অক্ষুণ্ন রাখতে হবে। কোনো ধরনের অন্যায় অবিচার করতে দেওয়া যাবে না। চাঁদাবাজি মাস্তানি দখলদারি করতে দেওয়া যাবে না। যারা করবে তাদেরকে বাধাগ্রস্থ করতে হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ। শেখ হাসিনাও নয়, তার পরিবারও নয়। মালিক হচ্ছেন বাংলাদেশের জনগণ। এ বিশ্বাস কিন্তু বিএনপিকে রাখতে হবে। স্বৈরাচার, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, নিপীড়নকারী ফ্যাসিস্ট সরকার চলে গেছে। আমরা আবার সে দিকে চলতে পারব না। আমাদেরকে পরিবর্তন হতে হবে, পরিবর্তন আনতে হবে। বাংলাদেশের মানুষের মন, মানসিকতা, মনের ভাবনার পরিবর্তন হয়ে গেছে। সেই ফ্যাসিস্ট পালানোর পরে, বাংলাদেশের মানুষের মনোজগতের বড় পরিবর্তন আসছে। তারা একটি সুষ্ঠু সামাজিক শান্তিপূর্ণ ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চায়। সকল নাগরিকের সমান অধিকার দেখতে চায়।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চান, তাহলে ন্যায়ের পথে চলতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের মানুষের আজকে যে প্রত্যাশা আকাঙ্খা জেগেছে, যে নুতন সূর্য উঠেছে বাংলাদেশে, সেটাকে মাথায় রাখতে হবে। রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। তা নাহলে বেশি দিন টিকা যাবে না। বাংলাদেশের ৬৫ শতাংশ নাগরিকের বয়স ৩৫ বছরের নিচে। তাদের মনোভাবনা বুঝতে হবে। যুবকের চিন্তা, আকাঙ্খা, চাহিদা আমাদের বুঝতে হবে।
বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমির খসরু বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বন্যার্তদের মাঝে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। আপনারা যার যা সামর্থ্য আছে তা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ান। পাশাপাশি দেশবাসীর কাছে আহ্বান আপনারাও বানভাসিদের পাশে দাঁড়ান। তাদের সাহায্যে এগিয়ে আসেন। এসময় আবার প্রমাণিত হয়েছে যে কোনো সমস্যায় আমরা বাংলাদেশীরা ঐক্যবদ্ধ। সমন্বিতভাবে আমরা এ দুর্যোগ মোকাবেলা করছি।
সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মো. শাহজাহান। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএ