দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোটা বাতিল করে দেওয়া প্রজ্ঞাপন আপিল বিভাগ থেকে অবৈধ ঘোষণা করে দেওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (৭ জুলাই) ৩টার দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসে অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
এ সময় তারা ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘আমার সোনার বাংলায় বৈষ্যমের ঠাঁই নাই’, ‘লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ২০১৮ সালের যে পরিপত্র সেটার বাস্তবায়ন আমরা চাই। সরকারি চাকরিতে এই বৈষম্য দূর করতে হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ চাই।
সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, ছাত্রদের আমরা বুঝানো চেষ্টা করছি। কিন্তু তারা কোনো কথা শুনছে না।
আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ কে এম মারুফ। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য উপস্থিত আছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’
আরএ