দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পূর্ব শত্রুতার জেরে নারায়ণগঞ্জের বন্দরে মনিরুজ্জামান মনু (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ জুন) বিকেলে উপজেলার মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান মনু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের মদনপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। মনু এলাকায় সন্ত্রাসী হিসেবে স্থানীয়দের কাছে পরিচিত।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নিজ এলাকা ছেড়ে গাজীপুরের কাপাসিয়া এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন মনিরুজ্জামান মনু। তবে বন্দর উপজেলার পাশ্ববর্তী সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় কুতুবপুর এলাকায় মামি মারা যাওয়ার খবর পেয়ে শুক্রবার দুপুরে নিজ বাড়িতে আসেন তিনি। বিকেলে তার উপস্থিতি টের পেয়ে প্রতিপক্ষের লোকজন এসে তাকে ঘর থেকে বের করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার বিষয় জানতে চাইলে নিহত মনু মিয়ার স্ত্রী সাবিনা আক্তার জানান, ওই এলাকার নুরা মিয়ার তিন ছেলে মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি বাহিনী আমার স্বামীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। যারা আমার স্বামীকে হত্যা করেছে, আমি তাদের বিচার চাই।
হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। তিনি বলেন, মনুকে পূর্ব বিরোধের জেরে হামলা চালিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। পরে হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
এফএইচ